পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরকে দেওয়া সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) আবহাওয়াবিদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, সেটি নেই। তাই সতর্কতা সংকেত নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
১৬ ডিসেম্বর দিবাগত রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যেটি পরে সুস্পষ্ট থেকে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলায়। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলে আবহাওয়া অফিস।
নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দিনভর সূর্যের দেখা মেলেনি।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শনিবার রাত ৯টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ধারাবাহিকভাবে দুর্বল হয়ে সাগরে লঘুচাপে পরিণত হতে পারে।
আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।