সেন্টমার্টিন থেকে ফেরার পথে বঙ্গোপসাগরে জাহাজ নষ্ট

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝপথে বিকল হয়ে যায় এমভি গ্রিনলাইন জাহাজের ইঞ্জিন। ফলে মাঝপথে আটকে পড়েন জাহাজের ক্রুসহ ৭১ যাত্রী। বিজিবি-কোস্টগার্ড তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে বিকল হয়ে পড়ে নৌযানটি। নষ্ট হওয়ার পরপরই জাহাজটি কূলে এসে নোঙর করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, “আটকে পড়া ক্রুসহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি-কোস্টগার্ড কাজ করছে। তারা ঘটনাস্থলে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে তাদের কক্সবাজারে ফেরাতে।”

এ বিষয়ে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “সেন্টমার্টিন থেকে ফেরার পথে এমভি গ্রিনলাইন জাহাজ মাঝপথে বিকল হয়। জাহাজটি পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কূলে এসে থামে। পর্যটকদের অসুবিধা না হওয়ার জন্য জাহাজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে।”