টেঁটাবিদ্ধ করে কুকুরকে হত্যা, মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুকুরটির মালিক জিহাদ মিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ “ইটজ কাশ্মিার” নামের পেজের মালিক জিহাদ মিয়া। তিনি কুকুরটিকে নিয়ে বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে ফেসবুক পেজে আপলোড করতেন। বিভিন্ন দেশের মানুষ তা দেখতেন। সোমবার শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের সেই কুকুরের জন্মদিন পালন করেন জিহাদ। সেই কুকুরকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েক’শ মানুষ। এ সময় থানা কমপ্লেক্সেই জিহাদকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘‘ইটস কাশ্মীর’’ নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব কনটেন্টের সবই সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। পরে মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে প্রতিবেশী রতন মিয়ার নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে।

ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের প্রসঙ্গে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বর না থাকায় তাকে ফোন করাও সম্ভব হয়নি।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ গণমাধ্যমকে বলেন, “কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”