দিনাজপুরে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত

দিনাজপুরে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীত ও হিমেল হাওয়ায় খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। রাতের বেলা বৃষ্টির মতো কুয়াশার পড়ছে।

বুধবার (১ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার। বাতাসের কারণে শীতের তীব্রতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে তোফাজ্জল হোসেন জানিয়েছেন।

এদিকে, উত্তর দিক থেকে আসা বাতাসে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দিনের বেলাতেও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড শীতে নিম্ন আয়ের মানুষ কাজে যেতে পারছে না। নদীতীরবর্তী এলাকায় বসবাসরত মানুষ বেশি কষ্ট পাচ্ছে। শ্রমিক ও কৃষকদের কাজ করা দুরূহ হয়ে পড়েছে।

জেলা প্রশাসন থেকে ১৩ উপজেলাসহ দিনাজপুর জেলার জন্য মাত্র ১৩ হাজার কম্বল বরাদ্দ করা হয়। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। আরো ২০ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম।

দিনাজপুর শিশু হাসপাতাল ও সদর হাসপাতালে শীতজনিত ডায়রিয়া, ব্রংকাইটিস, শ্বাসকষ্ট ও হাঁপানিসহ বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ওয়ারেশ খুব জরুরি প্রয়োজন ছাড়া শিশু এবং বয়স্ক মানুষদের ঘরের বা্ইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।