আগামী ৩ দিন বাড়তে পারে শীতের তীব্রতা

আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে বাড়তে পারে শীতের তীব্রতা। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক সম্পর্কে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়াও শনিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রবিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।