২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন খুলনার সুশোভন বাছাড়।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত ফলাফলে সুশোভন বাছাড় সর্বোচ্চ ৯০.৭৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।
সুশোভনদের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে। তবে বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই থাকেন খুলনা নগরের বয়রা এলাকায়। তার বাবা সুভাস চন্দ্র বাছাড় খুলনার টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। মা বন্দনা সেন একসময় শিক্ষক ছিলেন। তবে এখন গৃহিণী। সুভাস চন্দ্র ও বন্দনা সেন দম্পতির একমাত্র সন্তান সুশোভন।
সুশোভন টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ এইচএসসি পাস করেন। এইচএসসি পর্যন্ত সুশোভন কোনো কোচিং করেননি বলে জানিয়েছে তার পরিবার।
ফলাফল প্রকাশের পর থেকে তাদের বাড়িতে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাদের বাড়িতে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসছেন।
প্রথম হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুশোভন বাছাড় জানান, তিনি অনেক কষ্ট করেছেন। কষ্টের সুফল পেয়েছেন। এখন কোর্স সম্পন্ন করে ভালো ও মানবিক চিকিৎসক হতে চান।
সন্তানের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন সুশোভনের বাবা সুভাস চন্দ্র বাছার ও মা বন্দনা সেন।