তাপমাত্রা কমে ফের বাড়তে শুরু করেছে শীত। সঙ্গে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকছে কুয়াশার দাপট। এরমধ্যেই দেশের অন্তত ২ জেলায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে দিন-রাতের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগের মতো শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
রবিবার উত্তরের ২ জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।”