আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চার দিন ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোস সফর করেন।

এর আগে ২১ জানুয়ারি অধ্যাপক ইউনূস দাভোসে পৌঁছান। সেখানে ডব্লিউইএফ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি।

অধ্যাপক ড. ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি ৪ জন সরকার ও রাষ্ট্রপ্রধান, ৪ জন মন্ত্রিপর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান বা শীর্ষ নির্বাহী, ১০ জন সিইও/উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, ৯টি আয়োজিত অনুষ্ঠান (আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্নভোজ), সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ৮টি আয়োজন এবং আরও ২টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।