মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “শ্রীমঙ্গলে আজ (শনিবার) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।”
তবে কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে দেখা দিয়েছে শীতের তীব্র দাপট। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে বের হতে হচ্ছে।
এদিকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরা শীতের দেখা পেয়েই আবার অনেকই খুশি।
ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা বেসরকারী ব্যাংক কর্মকর্তা আশেয়া বেগম বলেন, ‘‘এখানে এত ঠাণ্ডা, আগে বুঝিনি। ঢাকায় তো এখনও গরম। সন্ধ্যার পর চা বাগান এলাকায় শীত একটু বেশি। সকালে কুয়াশা ভেদ করে রোদ ওঠায় শীত তেমন গায়ে লাগছে না।’’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘টহলে রাতের বেলা বের হয়ে চা-বাগান এলাকায় গেলে তখন মারাত্মক ঠান্ডা থাকে। প্রচুর কুয়াশা থাকায় তখন কিছু দেখা যায় না, টহল গাড়ি চালককে গাড়ি চালাতে বেগ পেতে হয়।’’