ছয় জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার পূর্বাভাস

দেশের ৬ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এর দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।