কমছে না মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলাটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা গত দুদিন ধরে বয়ে চলেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “শ্রীমঙ্গলে আজ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার একই তাপমাত্রা ছিল। তবে সূর্য ওঠার কারণে ঠাণ্ডা একটু কম অনুভূত হচ্ছে।”
মৌসুমের শেষ দিকে এ অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।