নাহিদ: কোটা নয়, যোগ্যতার ভিত্তিতে জুলাই শহিদ পরিবারের একজন চাকরি পাবেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারগুলোর এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির বিষয়টি কোটার অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।”

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম লিখেছেন, “জুলাই শহিদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি, আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা বিবেচ্য হবে না।”

আহতদের বিষয়ে উপদেষ্টা লিখেছেন, “আহতদের ক্ষেত্রে যারা সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে (অন্ধ কিংবা অঙ্গহানি) এবং আর কখনো কর্মক্ষম হতে পারবেন না, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ রকম আহতদের একটা বড় অংশই তরুণ এবং বাকি জীবন তাদের আন্দোলনের ক্ষত বয়েই বেড়াতে হবে, অনেককে দীর্ঘকাল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে।”

উপদেষ্টা আরও লেখেন, “জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন এবং এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়াটা আমাদের অঙ্গীকার ছিল এবং রাষ্ট্রের দায়িত্বও বটে। কয়েক হাজার পরিবার অচল হয়ে গিয়েছে এই অভ্যুত্থানে অংশগ্রহণের ফলে। তাদের এই ক্ষতি আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারব না। আর এই পরিবারগুলো যেকোনো সুযোগ–সুবিধার চেয়ে কেবল সবার কাছ থেকে সম্মান ও মর্যাদা চায়।”