কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কারও নিহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল করছে ধীরগতিতে। চট্টগ্রামমুখী লেনে যানবাহনের একটু বাড়তি চাপ আছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে অন্তত চারটি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে। প্রতিটি দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার বলেন, “এসব দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়ক থেকে সরানোর কাজ চলছে। মহাসড়কে যানজট না থাকলেও ধীরগতি আছে।”