দোকানের বাকির টাকা নিয়ে দুই ব্যবসায়ীর বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত ১

পাবনার আটঘরিয়া উপজেলায় দোকান বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে নাফিজ কামাল (২৭) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আটঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান।

নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার বাসিন্দা। রুস্তমপুর বাজারে তার ভুসি মালের দোকান রয়েছে। অভিযুক্ত জাহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তিনি আটঘরিয়া বাজারের মুদি দোকান ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানি জাহিদুল ইসলামের দোকান থেকে বাকিতে নিত্যপ্রয়োজনীয় মালামাল নিতেন অপর ব্যবসায়ী নাফিজ কামাল। এভাবে নাফিজ কামালের প্রায় ১০,০০০ টাকা বকেয়া পড়ে যায় জাহিদুল ইসলামের দোকানে। নাফিজ কামালের কাছে বেশ কয়েকবার টাকা চান জাহিদুল ইসলাম। কিন্তু নাফিজ টাকা দেননি।

সোমবার সকালে জাহিদুল ইসলাম বেশকিছু লোক নিয়ে রুস্তমপুর বাজারে নাফিজ কামালের দোকানে গিয়ে বকেয়া টাকা চান। টাকা না পেয়ে একপর্যায়ে নাফিজ কামালকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান জাহিদুল ও তার লোকজন। রাতে আবার জাহিদুলের দোকানের সামনে যান নাফিজ কামাল। এ সময় বাকি টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে বেরিয়ে জাহিদুল ইসলাম আশপাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার লোকজন নিয়ে নাফিজ কামালকে বেধড়ক মারপিট শুরু করেন। মারধরের মধ্যে নাফিজ কামালকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়।

এ সময় নাফিজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে-বা কারা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”