দেশে শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “শিল্প-সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর পহেলা বৈশাখ বাঙালির একটি বড় উৎসব। এটি প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে।”
তিনি বলেন, “আমরা অস্বীকার করছি না যে, কোথাও কোথাও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে না। তবে অনেক জায়গায় সফলভাবে অনুষ্ঠানও হচ্ছে। যেখানে সমস্যা, সেখানে আমরা সমাধান করার চেষ্টা করছি।”
ঢাকায় “মহানগর নাট্যোৎসব” বন্ধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফারুকী বলেন, “নাট্য উৎসব বন্ধের পেছনে সরকারের কোনো ভূমিকা নেই। তাদেরই (নাট্যকর্মীদের) আরেক দলের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সেটি বন্ধ করা হয়েছে। কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠী এর সঙ্গে জড়িত নয়। আর এর সঙ্গে সরকারেরও কোনো সম্পৃক্ততা নেই।”
তিনি আরও বলেন, “আমি সব কাজ ফেসবুকে ঘোষণা দিয়ে করবো না। অনেক কাজ আমি আড়ালে করে থাকি। সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা অনেকে বলবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যেকটি কথার উত্তর আমরা দিতে পারি না।”
উপদেষ্টা আরও বলেন বলেন, “গত ১৫ বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখন তার চেয়ে আরও বেশি হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলেও অনেক বাউলকে ধরে মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং অনেক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যা তখনও ছিল, এখনও আছে। তবে এখনকার সমস্যাগুলোকে কেউ কেউ বড় করে দেখানোর চেষ্টা করছে।”