ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করতে এসে দেখেন মায়ের কবরটির মাঝখানে কুয়ার মতো গর্ত। ভেতরে নেই দেহাবশেষ। মায়ের কবরের পাশেই ভাতিজার কবর। এই কবরটিরও একই অবস্থা। কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থানে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে দেখেন তার মা ও ভাতিজার কবর খোঁড়া। ভেতরে দেহাবশেষ নেই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় ওই কবরস্থানের দুটি মরদেহের কঙ্কাল চুরির হয়েছে বলে স্বজন ও এলাকাবাসীরা জানিয়েছেন।
এদিকে, এ ঘটনা জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। কবরস্থানে নিহতদের স্বজন ও উৎসুক জনতা ভিড় করেন। খবর পেয়ে পুলিশ কবরস্থানের পাশের ভুট্টাক্ষেত থেকে দুই টুকরা হাড়, একটি ট্রাউজার জব্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিমনগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তার স্ত্রী ছারা খাতুন (৮৫)। তার মৃত্যুর মাসখানেক পরে মারা যায় তার নাতি রাতুল (১৪)। দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল।
রইসুল বিশ্বাসের ছেলে রিজভী বিশ্বাস বলেন, “বাবা সকালে কবর জিয়ারত করে এসেছিলেন। এসে দেখেন দাদি ও চাচাতো ভাইয়ের কবর খোঁড়া। ভেতরে কিছুই নেই। কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই টুকরা হাড় ও কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”