সড়কে গাছ ফেলে অন্তত ১০ গাড়িতে ডাকাতি

পাবনার সাঁথিয়া উপজেলার বেড়া-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের গাছ ফেলে অন্তত ১০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বেড়া-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতরাত একটার দিকে তলট বাজার থেকে কিছুটা দূরে ছেঁচানিয়া সেতুর কাছে গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে ডাকাতরা। তারা প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ প্রায় ৪০টি গাড়ি আটকে পড়ে।

এ সময় ডাকাতেরা হাঁসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে হানা দেয়। অন্তত ১০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গাড়ির দরজা খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি যাত্রীদের মারধর করা হয়। এ সময় পরিবহনশ্রমিক ও যাত্রীদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল। ঘণ্টাব্যাপী লুট চালায় ডাকাত দল। ডাকাত দলে ১০ থেকে ১৫ জন সদস্য ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

ডাকাতির কবলে পড়া সাঁথিয়ার দৌলতপুর গ্রামের তোফাজ্জল হোসেন বলেন, “রাত একটার দিকে বেড়া বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাঁথিয়ায় যাওয়ার পথে দেখি, ডাকাতেরা গাছ ফেলে সড়ক বন্ধ করে রেখেছে। আমাদের অটোরিকশা আটকে গেলে তারা আমার কাছে এসে মারধর করে। টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। বিদেশগামী একটি মাইক্রোবাস এলে ডাকাতেরা গাড়িটি থামিয়ে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। ডাকাতদের অস্ত্রের কোপে ওই গাড়ির কয়েকজন আহত হন। আমি সেখানে পাঁচ থেকে ছয়টি গাড়িতে ডাকাতি হতে দেখেছি। পরে পুলিশ এলে ডাকাতেরা পালিয়ে যায়।”

আবদুস সালাম নামের এক ইসলামি বক্তা ফেসবুকে এক ভিডিও বক্তব্যে বলেছেন, “কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা।”

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”