রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় মংরি রাখাইন (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) সকালে শহরের রিজার্ভ বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনির স’মিলের শেষ প্রান্তে হ্রদ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনির স’মিলের শেষ প্রান্তে হ্রদে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, মংরি রাখাইনের স্থায়ী ঠিকানা কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। তিনি রিজার্ভ বাজার নাপ্পিঘাটা এলাকায় ব্যবসা করতেন।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।