ভোলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়ন ও ভেলুমিয়া ইউনিয়নে তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছে- চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরসামাইয়া গ্রামের তানজিল (৮) ও তামান্না (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন। নিহত অপর শিশু হচ্ছে- ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিসান (৪)। 

একই পরিবারের দুই শিশুর স্বজন মো. হাবিবুর জানান, রবিবার দুপুরের দিকে বাড়ির অন্য শিশুদের সঙ্গে দলবেঁধে পুকুরে গোসল করতে যায় শিশু জিসান। এমন সময় পুকুরের ভেতরে গভীর পানিতে ডুবে যাচ্ছিল শিশু জিসান। বিষয়টি দেখতে পায় তার ফুফাতো বোন তামান্না। সে সাঁতার জানতো না। পরে ভাইকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দুই ভাই-বোন একসঙ্গে ডুবে যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পেয়ে তাদের দুজনকে পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিন দুপুরে ভেলুমিয়া ইউনিয়নে ঘরের কাজ করছিলেন শিশু জিসানের মা। এমন সময় ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) শংকর তালুকদার বলেন, “ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ পাইনি। থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।”