রাজশাহী জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকের শৌচাগার থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (২০ এপ্রিল) সকালে ব্যারাকসংলগ্ন শৌচাগারে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশের অন্য সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
মারা যাওয়া ওই কনস্টেবলের নাম মাসুদ রানা (৩৪)। তিনি রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা সম্প্রতি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন। তিনি জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “মাসুদের পারিবারিক টানাপোড়েন ছিল। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
রাজশাহী মহানগর পুলিশ ঘটনাটি তদন্ত করছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেন মাসুদ। ধারণা করা হচ্ছে, এদিন রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।”
তিনি আরও বলেন, “সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”