কাভার্ড ভ্যানের চাপায় কোল থেকে পড়ে যাওয়া শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই অটোভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে যায় আড়াই বছরের শিশু আলেয়া। মা সড়ক থেকে তুলে নেওয়ার আগেই একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশু প্রাণ হারায়।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আলেয়া উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মাহমুদ মিয়ার মেয়ে। মাহমুদ সেনাবাহিনীতে চাকরি করেন।

শিশুর দাদা শাহজাহান মিয়া সংবাদমাধ্যমকে বলেন, “মাহমুদ মিয়ার স্ত্রী দুপুরে ব্যাটারিচালিত ভ্যানে করে পলাশবাড়ীর আলহামরায় বাস কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় শিশু আলেয়া তার মায়ের কোলে ছিল। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকায় বেপরোয়া গতির অপর একটি অটোভ্যান আলেয়া ও তার মাকে বহনকারী অটোভ্যানে সামনে থেকে ধাক্কা দেয়। এতে কোল থেকে সড়কে ছিটকে পড়ে আলেয়া। এ সময় গাইবান্ধাগামী একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়।”

পলাশবাড়ী থানার উপরিদর্শক (এসআই) মো. জুলিয়াস বলেন, “ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”