দেশীয় অস্ত্র-টিনের ঢাল হাতে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম পঞ্চায়েত সমিতির কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন সংঘর্ষে আহতদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতির নিয়ন্ত্রণ ওই গ্রামের শাহজাহান মেম্বারের কাছে থাকলেও সম্প্রতি লতিফুর মেম্বার তাতে বাধা দেন। এ নিয়ে গত কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

শুক্রবার সকালে উভয় পক্ষ ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের মানুষের হাতে টিনের ঢাল, লাঠি, দা-ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”