দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে এ তথ্য জানানো হয়।

স্ক্রলে উল্লেখ করা হয়, “অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।”

এর আগে, সোমবার একটি সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কাছে জুলাই অভ্যুত্থানের শহিদ সংক্রান্ত একটি প্রশ্ন করা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ওই ঘটনার সঙ্গে সংবাদ প্রচার বন্ধের কোনো সম্পর্ক রয়েছে কি-না সেটি জানা যায়নি। এ ঘটনায় দীপ্ত টিভির এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে, সরকার থেকে দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলা হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে, এটা সরকার করেছে।”

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আমি গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছিল। এই টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কীভাবে, পরিবারকে কী দেবে।”