ভবনের ছাদ থেকে পড়ে মাইলস্টোনের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানী ঢাকার রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আফতাব নগর শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রামপুরার আফতাব নগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

তানহা আফতাব নগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকতো।

নিহতের বোন তাবাসসুম বলেন, “তানহা বৃষ্টিতে ভেজার জন্য ছাদে গিয়েছিল। সেখান থেকে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে বিকেল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহতের মা বলেন, “তানহা বৃষ্টিতে ভেজার জন্য আমাকে বলে ছাদে গিয়েছিল। বৃষ্টি এলে সে প্রায়ই ভিজতে যেতো।”

কথাগুলো বলার একপর্যায়ে কাঁদতে কাঁদতে আর কিছুই বলতে পারছিলেন না তিনি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।