ঢাকার খিলক্ষেত রেলগেইট এলাকায় রেলপথ ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক কিশোর।
শনিবার (৩ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী। তিনি বলেন, “নিহত যুবক রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী সুরমা মেইলের ধাক্কায় ঘটনাস্থলে ২৫ বছর বয়সী এক যুবক মারা যান।”
তিনি আরও বলেন, “একই সময় আহত অবস্থায় ১২ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল এবং বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।”
হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মোহাম্মদ আলী।
চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত কিশোরের অবস্থা আশংকাজনক।”