খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ও শিক্ষক হাসান মাহমুদ সাকির ওপর হামলাকারী সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, সভায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া হামলাকারীর নামে ফৌজদারি মামলা দায়ের এবং ক্যাম্পাসে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে উপাচার্য বলেন, “তার সনদ ও ছাত্রত্ব সাময়িক স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে, শুক্রবার রাতে গাছের আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক হাসান মাহমুদ সাকিকে মারধর করেন সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমান। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন।