আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য দেওয়া সিটি কর্পোরেশনের ইজারা প্রদানের বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী।
রবিবার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ আদালতে রিটে পক্ষে শুনানি করেন।
আইনজীবী জানান, ২০২৩ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তির বিরুদ্ধেও রিট হয়েছিল। তখন হাইকোর্ট হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আপিল বিভাগের অনুমতিতে শুধু এল ব্লকের পরবর্তী অংশে হাট বসানো হয়েছিল। কিন্তু এ থেকে এইচ ব্লক পর্যন্ত হাট বসেনি।
চলতি বছরের রায়ের ফলে এবার পুরো আফতাবনগর এলাকাতেই হাট বসানো বন্ধ থাকছে, যা এলাকাবাসীর স্বস্তির কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
ইউনূস আলী আকন্দ এদিন বলেন, “গত ২১ এপ্রিলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ হাইকোর্টে এ বিষয়ে রুল বিচারাধীন।”