ঢাকার রামপুরা এলাকার আফতাবনগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাদিয়া (২৩)।
সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
সাদিয়ার ছোট ভাই তামজিদ নওশাদ বলেন, “রামপুরা হয়ে কালাচাঁদপুরে মেজ বোনের বাসায় যাওয়ার জন্য ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। আফতাবনগর মোড়ে পৌঁছালে তার বোনের গলার ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে অজ্ঞান হয়ে যান সাদিয়া। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ফাঁড়ি পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।”
সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন এলাকার তকি তাহমিদের স্ত্রী। তিনি ঢাকার সবুজবাগ এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সাদিয়া তৃতীয়।
এর আগে গত সপ্তাহে বনশ্রীতে অটোরিকশা দুর্ঘটনায় মারা যান দুইজন। জানা যায়, একটি মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন। প্রথমে মোটরসাইকেলকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় মিয়ামী পরিবহন নামের একটি বাস দুই আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান একজন। অন্যজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।