বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল ১ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড় রেল ক্রসিংয়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ফলে দেওয়ানগঞ্জগামী “তিস্তা এক্সপ্রেস” ফাতেমা নগর স্টেশন ও ঢাকাগামী “হাওড় এক্সপ্রেস” ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল। সোয়া এক ঘণ্টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল রয়েছে।”