অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জন্য ট্রুকলার অ্যাপের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এবার অপরিচিত নম্বরের তথ্য জানার পাশাপাশি বার্তা প্রেরকের পরিচয়ও জানা যাবে ট্রুকলারের মাধ্যমে।
গ্যাজেটস ৩৬০ ডট কম জানিয়েছে, ব্যবহারকারীদের নতুন এই সুবিধা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির “মেসেজ আইডি” সুবিধা চালু করেছে ট্রুকলার।
ট্রুকলার জানিয়েছে, নতুন এই “মেসেজ আইডি” সুবিধা মোবাইল ফোনের ম্যাসেজ অ্যাপের ইনবক্স স্ক্যান করে ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাঠানো বার্তা চিহ্নিত করবে। এরপর সেখানে সবুজ চেক চিহ্ন যুক্ত করে দেবে। ফলে ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন, বার্তাটি নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো হয়েছে।
নতুন এ সুবিধা পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। আর এই সুবিধাটি যে শুধু বার্তা পাঠানো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যাচাই করবে তা নয়, বার্তায় থাকা গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপও দেখাবে।
মেসেজ আইডি সুবিধা ব্যবহারের জন্য ফোনে “রিড এসএমএস” এবং “ডিসপ্লে ওভার আদার অ্যাপস”- সংক্রান্ত অনুমতি দিতে হবে। এরপর ব্যবহারকারী গুরুত্বপূর্ণ বার্তার তাৎক্ষণিক নোটিফিকেশন দেখতে পারবেন।