রাজধানীর যাত্রাবাড়ীর শরীফপাড়া ডেমরা সড়কে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. দুলাল মিয়া (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ দুর্ঘটনায় ওই রিকশার যাত্রী এক যুবক আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় বাসটি যাত্রাবাড়ী থানা পুলিশ জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “যাত্রাবাড়ীতে অন্যদিক থেকে আসা নাগরিক পরিবহনের বাসের ধাক্কায় দুলাল নামের এক অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
মৃতের খালাতো ভাই আল আমিন জানান, দুলাল ভাড়ায় অটোরিকশা চালাতো। সকালে শনির আখড়া থেকে যাত্রী নিয়ে কোনাপাড়ার দিকে যাওয়ার সময় শরীফপাড়া ডেমরা সড়কে বিপরীত দিক থেকে আসা নাগরিক পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছেতরা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। বর্তমানে শনির আখড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।