চোর সন্দেহে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে খুঁটিতে বেঁধে মারধর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে চোর সন্দেহে আলমগীর মিয়া (২৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালং গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবক আলমগীর মিয়া রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সেখানকার মেডিকেল অফিসার ডা. কনক কান্তি সিনহা বলেন, “প্রতিবন্ধী আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের পরিবারের সদস্যরা জানান, গত ১২ মে আলমগীর স্থানীয় নয়াবাজার থেকে ভুল করে অন্য পথে চলে যান। রাতে তাকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে চোর সন্দেহ আটক করা হয়। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কয়ছর রশীদের উপস্থিতিতে তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। পরে তাকে অটোরিকশা করে তার বাড়ির পাশে রেখে যাওয়া হয়।”

কয়ছর রশীদ বলেন, “লোকজন চোর ভেবে পিটিয়েছে। এখানে কিছুদিন আগে ডাকাতির হয়েছে। এজন্য এলাকাবাসী চোর সন্দেহ করেছে। পরে প্রতিবন্ধী বুঝতে পেরে বাড়িতে পাঠিয়েছি।”

আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান বলেন, “সে মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। ভোরে আহত অবস্থায় সে বাড়িতে এসেছে। সে কোথায় গিয়েছিল কিছু বলতে পারছে না। শুধু বলছে কারা জানি তাকে চোর ভেবে খুব মারধর করেছে। সে অনেকবার অনুরোধ করছে তাকে না মারার জন্য, কিন্তু কেউ তার কথা শুনেনি। এ ঘটনায় আমরা কুলাউড়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।”

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”