বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানী ঢাকার বাড্ডার দক্ষিণ আনন্দনগরে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

 শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন— তোফাজ্জল মিয়া (৩২), তার স্ত্রী মানসুরা বেগম (২৪), ও তাদের তিন মেয়ে: তানিশা (১২), মিথিলা (৮) ও তানজিলা (৪)।

তাদের মধ্যে তোফাজ্জলের শরীরের ৮০%, মানসুরার ৬৭%, তানিশার ৩০%, মিথিলার ৬৫% ও তানজিলার শরীরের ৬০% দগ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, পরিবারটি দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্প বাজারসংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় থাকেন। তাদের রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ ছিল। রাতে দেয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ধরে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে রাত ১টার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “রাতের দিকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ অবস্থায় পাঁচজনকে আনা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়ার ক্ষত রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।”

দগ্ধ গৃহকর্তা তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও জেলার চিলারং থানায়। তিনি পেশায় একজন শ্রমিক। বর্তমানে পরিবারসহ আফতাব নগরের আনন্দনগর এলাকায় ভাড়া থাকতেন।