পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের বিপরীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছর।

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে জেলেরা নদীতে মাছ ধরার সময় প্রথম লাশটি ভাসতে দেখেন। তবে কেউ তখন বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাননি। পরে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নৌফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের ধারণা, শুক্রবার ঝড়ের সময় ফেরি বা লঞ্চ থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গতকাল রাত ১০টার দিকে এসে ফিঙ্গারপ্রিন্ট মেলানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রবিবার ফরিদপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল আসার কথা আছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “রাত ৮টার দিকে স্থানীয় মানুষের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত ব্যক্তির পরনে ছিল হাফহাতা চেক শার্ট, শেওলা-কালো ফুলপ্যান্ট ও পায়ে ছিল বেল্টসহ স্যান্ডেল। প্যান্টের পকেটে পাওয়া গেছে ৪৫০ টাকা।”