ঢাকাসহ দেশের কোথাও কোথাও বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরমের অনুভূতি আগের মতোই বজায় থাকবে। 

শনিবার (২৪ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ঢাকা এবং আশপাশের এলাকায় জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও শনিবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।