রাজধানী ঢাকার ধানমন্ডিতে একটি সড়ক দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক হয়ে মঙ্গলবার বিকেল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের সড়কটি দেবে গর্ত হয়ে যায়। এর পর থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীর বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণ দিকে ৬৮ নম্বর বাড়ির সামনের সড়কটি দেবে গর্ত হয়ে গেছে। তাদের ধারণা, সম্প্রতি ডিপিডিসি মাটির নিচ দিয়ে যে বিদ্যুতের কাজ করার পর ঠিকভাবে তা মেরামত করেনি। এ জন্য হঠাৎ রাস্তা দেবে গেছে।
সিটি কর্পোরেশন কর্মকর্তাদের ধারণা, যে জায়গায় দেবে গর্ত হয়ে গেছে সেখানে ঢাকা ওয়াসার পানি সরবরাহের লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান দিয়ে অনবরত পানি বের হচ্ছে। রাস্তা ঠিক করতে হলে আগে পানির সংযোগ মেরামত করতে হবে। এ জন্য ওয়াসার কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “সড়কের যে পাশে গর্ত হয়েছে সেই পাশ হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশ দিয়ে যান চলাচল করছে।”
তিনি আরও বলেন, “আগে ভেতরের পানির সংযোগ পথ ঠিক করতে হবে। এটি ঠিক করতে ওয়াসার লোকজন ইতোমধ্যেই ঘটনাস্থলে এসেছেন। এরপর তারা সড়ক মেরামত করবেন। সড়ক ঠিক করতে যেসব সামগ্রী প্রয়োজন পড়বে তার সবই তারা সেখানে নিয়ে এসেছেন। যত দ্রুত সম্ভব তারা সড়ক সচল করার চেষ্টা করছেন।”