রাজধানীর নিউমার্কেট এলাকা ও প্রধান সড়ক টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। এর ফলে এলাকায় যান চলাচল করতে পারছে না। এতে করে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও সাধারণ মানুষ।
এছাড়া সড়কে পানি জমায় হেঁটেও পার হতে পারছেন না অনেকে। ফলে বাধ্য হয়েই রিকশায় পার হতে হচ্ছে, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কয়েকটি মার্কেটেও পানি ঢুকে পড়েছে। ফলে দোকান খুলতে পারেননি অনেকে।
শুক্রবার (৩০ মে) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র দেখা গেছে।
এদিকে, বৈরী আবহাওয়ায় নিউমার্কেটের ঈদবাজারে কেনাকাটায় ভাটা পড়েছে। ঈদকে কেন্দ্র করে নিউমার্কেটে যে ভিড় থাকার কথা, তা নেই। বিক্রেতারা অনেকটাই অলস সময় পার করছেন। যদিও ঈদের বাকি মাত্র এক সপ্তাহ।
সকাল থেকে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনের সড়কে পানি জমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক থেকে পানি সরে গেছে। তবে মিরপুর রোডে নূরজাহান শপিং কমপ্লেক্সের সামনের সড়কে হাঁটু পানি জমে আছে। সড়কের পাশে নিচতলায় থাকা কিছু দোকান খুলতে পারেননি দোকানিরা। বদরুদ্দেজা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটে ক্রেতারা তেমন একটা প্রবেশ করতে পারছেন না। ফুটপাতের দোকানগুলো তেমন একটা খোলা দেখা যায়নি।
বিক্রেতারা জানান, এবার ঈদে এমনিতেই বিক্রি কিছুটা কম। তার ওপর গতকাল সারাদিন বৃষ্টি। সড়কে জমা পানি। আর আজকের মেঘাচ্ছন্ন আকাশ। সব মিলিয়ে বিক্রিতে ভাটা পড়েছে। মার্কেটগুলোতে ক্রেতা সমাগম একেবারেই কম।