মুষলধারে বৃষ্টির মধ্যে যশোরের রূপদিয়া রেলস্টেশনে সন্তান প্রসব করেছেন মানসিকভাবে অসুস্থ এক নারী। পড়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে যশোর কোতোয়ালি থানার রূপদিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
রেলস্টেশনে ওই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে যশোর ফায়ার সার্ভিসকে খবর দেন স্টেশন মাস্টার বাবুল আক্তার।
তিনি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্ল্যাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছেন। সে সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং মা-সন্তান উভয়ের জীবন সংকটাপন্ন অবস্থায় ছিল। তিনি দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান। কলটি রিসিভ করেন ৯৯৯-এর কনস্টেবল মো. দ্বীন ইসলাম। তিনি তাৎক্ষণিক যশোর কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রসূতি ও নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২-এ ভর্তি করানো হয়।
জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক ২৫ বছর এবং তিনি মানসিকভাবে অসুস্থ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও নবজাতক চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।