হজে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২২ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী।

বুধবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে মৃত্যু-সংক্রান্ত হালনাগাদ সংবাদে এ তথ্য জানা যায়।

নিহত এই ২২ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ১৪ জন, মদিনায় ৭ ও আরাফাতে একজন মারা গেছেন।

হজ ব্যবস্থাপনা পোর্টালে এ প্রসঙ্গে বলা হয়েছে, সর্বশেষ গতকাল মঙ্গলবার (১০ জুন) গোলাম মোস্তফা নামে এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। মক্কায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।

এদিকে পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গতকাল মঙ্গলবার (১০ জুন)।