হাসপাতালের শৌচাগার থেকে করোনাভাইরাস রোগীর মরদেহ উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগার থেকে করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হাসপাতালের আইসোলেশন বিভাগের শৌচাগার থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম নাম মনসুর রহমান (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি প্রায় ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

রামেক হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, মনসুর রহমান ফুসফুসের সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে তিনি ৯ জুন হাসপাতালে ভর্তি হন। মেডিসিন ইউনিটে চিকিৎসা চলাকালে তার করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। এরপর নমুনা পরীক্ষা করা হলে ১৬ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে করোনাভাইরাস ইউনিটে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে তিনি শৌচাগারে যান। ভেতরে ছিটকিনি দেওয়া অবস্থায় তিনি পড়ে যান। এ সময় অন্য রোগীর স্বজনেরা তার পড়ে যাওয়ার শব্দ পান। কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকার কারণে তাকে উদ্ধার করা যায়নি। পরে গণপূর্ত বিভাগের সহযোগিতায় দরজার ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে দেখা যায়, মনসুর রহমান মৃত অবস্থায় পড়ে আছেন।

আমিনুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্বজনেরা তার মরদেহ নিয়ে গেছেন।”