সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকার উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”
এদিকে আজ রবিবার প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সাবেক এই তিন সিইসি হলেন- ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।