করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ৫.২১%

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৪%। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.২১%। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। তার বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তিনি সিলেট বিভাগের। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯,৫২৩ জন মারা গেছেন। এর মধ্যে এ বছর মারা গেছেন ২৩ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২,১৫৪ জন। ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৬০৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।