রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে এক ব্যক্তিকে হত্যা এবং তার স্ত্রীকে গুরুতর আহত করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পরে আহত দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টায় স্বামী ইসমাইল হোসেনকে (৮০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সালেহা বেগমকে (৭৫) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে এই ঘটনা ঘটেছে। ইসমাইলকে মারধর এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার স্ত্রী সালেহা বেগমকে ছুরিকাঘাত করা হয়েছে। সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরীক্ষা করে ইসমাইলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী সালেহা বেগম এখন চিকিৎসাধীন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, “আমরা সংবাদ পেয়ে ওই বাসায় গিয়েছিলাম, সেখানে কাউকে না পেয়ে হাসপাতালে এসেছি। ঘটনাস্থলে গিয়ে যতটুকু শুনেছি, ইত্যাদি গলির ওই চারতলা বাসার দ্বিতীয় তলায় থাকতেন এই বৃদ্ধ স্বামী-স্ত্রী। ওই বাসায় গ্রিল কেটে প্রবেশ করেছিল কয়েকজন ডাকাত। তারাই তাদের আহত করেছেন। পরে হাসপাতালে বৃদ্ধ স্বামীর মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রীর চিকিৎসা চলছে।”
নিহতের মেয়ে কদমতলীর রায়েরবাগের বাসিন্দা সালমাসহ সেখানকার লোকজন তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন বলেও জানান এসআই।