“মব জাস্টিস” সরকার কোনোভাবেই বরদাশত করে না উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “ এখন যেই ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে কোনো সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই।”
শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাভারে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩-৪ মাসে আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না।”
নদী ও খাল সংস্কার এবং পুনরুদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের সময়টা তো অল্প। এই অল্প সময়ে আমরা ঢাকা শহরে ২০টা খাল ও তুরাগ নদীটা ধরেছি। এগুলোর জন্য আমরা অর্থও জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে এবং আশা করি বেশি দেরি হলেও ফেব্রুয়ারিতে।”
ঢাকার চারপাশে অবস্থিত অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা এবং প্রক্রিয়া চলমান থাকলেও গত আড়াই বছরে দুই শতাধিক ইটভাটাকে জেলা প্রশাসন কর্তৃক লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র দেওয়া হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেগুলো অবৈধ ইটভাটা, সেগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না, আমি ১১ মাসেরটা বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার, তার অনেক বাইরে গিয়ে করেছি।”