জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের নয়জন ঊর্ধ্বতন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণলয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর মধ্যে রয়েছেন, পাঁচ যুগ্ম কর কমিশনার, তিন উপ-কর কমিশনার এবং এক প্রথম সচিব।
মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ এবং বদলি আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যাদেরকে সাময়িক দরখাস্ত করা হয়েছে তারা হলেন- মাসুমা খাতুন, বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার), কর অঞ্চল-২, ঢাকা; মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫, ঢাকা; মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কুষ্টিয়া; মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী; আশরাফুল আলম প্রধান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার।
এছাড়া, শিহাবুল ইসলাম, উপ কর কমিশনার, কর অঞ্চল-খুলনা; নুশরাত জাহান শমী, উপ কর কমিশনার, কর অঞ্চল-রংপুর; তৌহিদ হাসান শাকিল (২০০৬২১), উপ কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা এবং তানজিনা রইস, প্রথম সচিব, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২২ জুন জারি করা বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এর আগে, গত ২ জুলাই এনবিআরের কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ড. মো আবদুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমদ ও বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
এরও আগে, গত ১ জুলাই রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়।