সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপহারের আম ভারতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে ট্রাকে করে ৬০টি কার্টনে আমগুলো পাঠানো হয়।
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমুল্যানজ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কূটনীতির অংশ হিসেবে এ আম পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
স্থলবন্দর সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকে করে আনা আম তামাবিল স্থলবন্দর পৌঁছায়। ট্রাকে ৬০টি কার্টনে মোট ৩০০ কেজি আম ছিল। আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল। এসময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর ও কাস্টমসের কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো ভারতে পৌঁছে দেওয়া হয়েছে।