দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের ‘‘নৌকা’’ প্রতীক ভোটের মার্কার তালিকায় রেখে দেওয়ার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তাকে অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে কমিশনকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘‘নৌকা প্রতীক রেখে দেওয়া জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হবে।’’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিডায় আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “এটা দুঃখজনক যে জুলাই গণ-অভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, ইভেন (এমনকি) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট (সম্মানের সঙ্গে) যেহেতু আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত বলে আমি মনে করি।”
তিনি আরও বলেন, “আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশন এটা পুনর্বিবেচনা করবে এবং আমাদের জুলাইয়ের যে স্পিরিট আছে, এবং একইসঙ্গে সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছে এবং যে মার্কাটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, কোটি কোটি মানুষের, তিন দফায়, সেই মার্কাটিকে আবারও রাখাটা জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।”
এর আগে গত মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের সমালোচনা করে উপদেষ্টা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে আসিফ লেখেন, “অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘‘নৌকা’’ সরিয়ে ফেলার পর কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ‘‘নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। তবে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।”