কভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে বাবা-মা, ছেলেসহ নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরের বড়চালা এলাকায় কভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা, মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

নিহত এক ব্যক্তির নাম জাহিদ বলে জানা গেছে। দুর্ঘটনায় তিনি, তার স্ত্রী ও ছেলে মারা গেছেন। নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দার বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার  বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশে ছেড়ে যায়। মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

ঘটনাস্থলেই জাহিদ ও তার ছেলে নিহত এবং জাহিদের স্ত্রী ও অপর যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অজ্ঞাত অপর যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে পাঠান। আহত দু'জনকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হয়। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।”