বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ছয় দাবিতে বিক্ষোভে নেমেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই বিক্ষোভে মাইলস্টোন কলেজ ছাড়াও আশেপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
বেলা পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তাকে দেখে শিক্ষার্থীরা “ভুয়া, ভুয়া” স্লোগান দেন। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একই স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলছেন, শুধু বিবৃতি বা দুঃখপ্রকাশ নয়, তারা চায় দায়ীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ।
শিক্ষার্থীদের ছয় দাবি হচ্ছে-
- নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা
- আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।
- শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জনসমক্ষে সেনা সদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।
- নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।
- বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।
- বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।