রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীনদের রক্ত দিতে এগিয়ে এসেছেন তৃতীয় লিঙ্গের মানুষজন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে আহতদের রক্ত দেওয়ার জন্য প্রায় ২০০ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা জড়ো হন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে।
আঁচল নামে তৃতীয় লিঙ্গের একজন বলেন, “আমরা হিজড়া। কিন্তু এই ছোট শিশুদের কষ্ট দেখে নিজেদের সামলে রাখতে পারিনি। তাই তাদের জন্য রক্ত দিতে চলে এসেছি।”
তিনি আরও বলেন, “নিষ্পাপ শিশু ও আহতদের রক্ত দেওয়ার জন্য আমরা প্রায় ২০০ জন এখানে এসেছি। এখানের আহতরা আমাদের ভাইবোনের মতো। আমরা দুটি দল, একটি মগবাজার থেকে, অন্যটি বনানী থেকে এসেছি।”
সম্প্রদায়ের নেতা বেলুনি বলেন, “ছোট বাচ্চাদের কষ্ট দেখে আমরা সহ্য করতে পারিনি। তাই আমি আমার লোকজন নিয়ে চলে এসেছি।”
স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও প্রক্রিয়ার মাধ্যমে তাদের রক্ত গ্রহণ করা হবে।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি ভবনে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
এ ঘটনায় ২৭ জন নিহত এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি দ্রুত উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।